সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি : একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দেয়াকে কেন্দ্র করে সোনাইমুড়ী উপজেলার আমিশা পাড়ায় আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের মধ্যে ভয়াবহ এক রক্তড়্গয়ী সংঘর্ষে শাহ আলম নামে এক আওয়ামী লীগ কর্মী খুন হয়েছেন। এ ঘটনায় বিবদমান দুই দলের কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষ এবং বাজারে লুটপাট ও দোকান ভাঙচুরের ঘটনা ঘটেছে।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ১০নং আমিশাপাড়া ইউপির খলিলুর রহমান ডিগ্রি কলেজের শহীদ মিনারে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ করাকে কেন্দ্র করে বিবাদে জড়িয়ে পড়ে। এ সময় উভয় দলের কর্মীরা দেশীয় অস্ত্র-শস্ত্র, লাঠিসোঁটা নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে লিপ্ত হয়। বিএনপি কর্মীদের পিটুনিতে স্থানীয় ভদ্রগাঁও গ্রামের মৃত আব্দুল গফুরের পুত্র শাহ আলম (৪০) গুরুতর আহত হন। মূমুর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। পুলিশ লাশ উদ্বার করে মর্গে পাঠিয়েছে। নিহতের বুকের বামপাশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনার পর আওয়ামী লীগ কর্মীরা সংগঠিত হতে থাকলে
বিএনপি কর্মীরা পুনরায় হামলা চালায় এবং স্থানীয় ছাত্রলীগ নেতা সুমনের একটি মোটরসাইকেল জ্বালিয়ে দেয়। বিএনপি কর্মীরা আজিজের ও সোহাগের ব্যবসা প্রতিষ্ঠান ও কবিরের মুদি, মামুনের গ্রিল এবং ইসমতের স্যানেটারিসহ প্রায় ৩০/৩৫টি দোকান ভাঙচুর ও লুটপাট করে।