দংশনে প্রাণ হারাল দুই পথচারী
ঈশ্বরদী প্রতিনিধি
ঈশ্বরদীতে মৌমাছির আক্রমণে দুই পথচারীর মৃত্যু হয়েছে। এছাড়া মারা গেছে ৩৬টি কবুতর, ২টি ছাগল ও ১টি গরু। রোববার ঈশ্বরদীর কচুয়া গ্রামে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবসে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করতে যাওয়ার সময় কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩০-৩৫ শিক্ষার্থীকে মৌমাছি আক্রমণ করলে শেষ পর্যন্ত
তাদের আর শহীদ মিনারে যাওয়া হয়নি। জানা গেছে, ওই গ্রামে একটি বট গাছের ৩টি বড় বড় মৌচাকের মৌমাছি হঠাৎ খেপে গিয়ে দলে দলে গ্রামে ছড়িয়ে পড়ে। স্থানীয় কাদের আলীর বাড়িতে কবুতরের বাসায় আক্রমণ করলে তার ৩৬টি কবুতর এবং ২টি ছাগল মারা যায়। মৌমাছির কামড়ে বটগাছের পাশের দোকানদার ময়েজউদ্দিন, রফিক, সাইদ, বাচ্চু, কাদের, সফর ও পথচারী সাহাবুলকে হাসপাতালে ভর্তি করা হলে সাহাবুলের মৃত্যু হয়। আরেক পথচারী কালু মিয়াকে মুমূর্ষু অবস্থায় এলাকাবাসী ধরাধরি করে বাড়ি নিয়ে যাওয়ার সময় পথেই তার মৃত্যু হয়। কচুয়া গ্রামে মৌমাছির আক্রমণে এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েছে। ওই এলাকার একটি রাস্তায় চলাচল বন্ধ রেখেছে এলাকাবাসী। কলেজ ছাত্র মহিবুল ইসলাম জানান, দুপুর ১টার দিকে মৌমাছির একটি দল পার্শ্ববর্তী জয়নালের বাড়িতে গিয়ে তার গরু-ছাগলের ওপরও আক্রমণ করে। এ সময় জয়নাল চাদর মুড়ি দিয়ে নিজেকে রক্ষা করলেও তার ৩-৪টি গরুকে মৌমাছি কামড়ে দেয়। প্রত্যক্ষদর্শী জয়নাল জানান, তার গরু-ছাগল বেঁচে থাকলেও ওই রাস্তা দিয়ে মানুষ চলাচল বন্ধ হয়ে গেছে। কচুয়া গ্রামের বটগাছের কাছের বাড়ির আবদুল কাদের জানান, মৌমাছির আক্রমণে তার ৩৬টি কবুতর ও ২টি ছাগল মারা গেছে। আতঙ্কে তার বাড়ির লোকজন বাড়ির বাইরে যেতেও ভয় পাচ্ছে।