শিগগিরই আইন হচ্ছে
শরীফুল ইসলাম
একদিন নয়, এখন থেকে সপ্তাহে দু'দিন হচ্ছে 'মিটলেস ডে' বা মাংসবিহীন দিবস। প্রচলিত মিটলেস ডে রোববারের সঙ্গে যোগ হচ্ছে বৃহস্পতিবার। সপ্তাহের এ দুটি দিনকে মাংসবিহীন দিবস ঘোষণা করে আইন হচ্ছে। এ লক্ষ্যে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন-২০১০ প্রণয়ন করছে সরকার। এ আইনের আওতায় সরকারের নির্ধারিত দিনে রাজধানী ঢাকাসহ সারাদেশের হাটবাজারে লাইসেন্সধারী
কসাইখানায় মাংস বিক্রি হবে না। এ আইনের আওতায় আর যত্রতত্র গরু-ছাগল জবাই করা যাবে না। এ আইন কেউ প্রথমবার অমান্য করলে সর্বোচ্চ ১ বছর কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানা দিতে হবে। দ্বিতীয়বার অমান্য করলে সাজার পরিমাণ দ্বিগুণ করার বিধান রেখে মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয় থেকে আইনটির খসড়া তৈরি করা হয়েছে। আজ সোমবার সচিবালয়ে অনুষ্ঠেয় মন্ত্রিসভার বৈঠকে আইনটি চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার এ বৈঠকে জলবায়ু ট্রাস্ট ফান্ডের অর্থ সঠিক ব্যবহার নিশ্চিত করতে জলবায়ু ট্রাস্ট আইন-২০১০, তথ্য অধিকার আইন-২০০৯ সংশোধনী এনে অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।
জলবায়ু ট্রাস্ট আইন : জলবায়ু ট্রাস্ট ফান্ডের অর্থ সঠিক ব্যবহারে এ ট্রাস্ট আইন করা হচ্ছে। এ আইনের আওতায় একটি ট্রাস্টি বোর্ড গঠন করা হবে। যার সদস্য সংখ্যা হবে ১৭। এর মধ্যে ১০ জন মন্ত্রী এ বোর্ডের সদস্য থাকবেন। ট্রাস্টি বোর্ডই যাচাই-বাছাই করে এ তহবিলের অর্থ জলবায়ু মোকাবেলায় কাজ করতে বিভিন্ন প্রকল্পের নামে বরাদ্দ দেবে।