Sunday, Feb 05th

Last update11:25:54 AM GMT

You are here: kaler-kantha পাহাড়ে ফের সেনা বহালের দাবি বিএনপির

পাহাড়ে ফের সেনা বহালের দাবি বিএনপির

E-mail Print PDF
User Rating: / 1
PoorBest 
নিজস্ব প্রতিবেদকপাহাড়ে সহিংসতায় উদ্বেগ প্রকাশ করে প্রধান বিরোধী দল বিএনপি আবারও সেখানে সেনা অবস্থান বহাল রাখার দাবি জানিয়েছে। দলের পক্ষ থেকে প্রশ্ন রাখা হয়েছে, কার স্বার্থে পার্বত্য অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করেছিল সরকার? সেনা প্রত্যাহারের ফলে সেখানে চরম নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে বলে দাবি করে বিএনপি পার্বত্যাঞ্চলে বসবাসকারীদের নিরাপত্তা বিধানে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের কাছে দাবি জানিয়েছে। গতকাল রবিবার উত্তরায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব দাবি জানান। রাঙামাটির বাঘাইছড়িতে সহিংসতার প্রসঙ্গে তুলে তিনি বলেন, 'পার্বত্য চট্টগ্রাম থেকে সেনা প্রত্যাহার সঠিক সিদ্ধান্ত ছিল না। আমরা শুরু থেকেই পার্বত্য অঞ্চল থেকে সেনা প্রত্যাহারের বিরোধিতা করেছি। সেখানে বসবাসকারী জনগণও এর বিরোধিতা করেছিল। তারা আশঙ্কা করেছিল, সেনাবাহিনী প্রত্যাহার করা হলে সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। সেই আশঙ্কা সত্যি হলো।' বাঘাইছড়িতে গত শনিবারের সহিংস ঘটনায় উদ্বেগ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, 'আমরা এ ঘটনায় গভীরভাবে মর্মাহত ও শঙ্কিত।' পার্বত্য চট্টগ্রামকে একটি স্পর্শকাতর এলাকা হিসেবে উল্লেখ করে তিনি আরো বলেন, সব মহলের সঙ্গে আলোচনা না করে সেখানকার সমস্যা সমাধানের আগে সেনা প্রত্যাহার করা উচিত হবে না। সেনা প্রত্যাহারের পর এ রকম ঘটনায় ওই এলাকায় বাঙালি ও পাহাড়িদের জানমালের নিরাপত্তা অরক্ষিত হয়ে পড়েছে। পার্বত্য শান্তি চুক্তি সম্পাদনের পরও বিএনপির দাবি অনুযায়ী ওই চুক্তি সবার সঙ্গে আলোচনা করে পুনর্মূল্যায়ন করার উদ্যোগ সরকার নেয়নি_এ অভিযোগ করে বিএনপি নেতা বলেন, 'এটা করা না হলে ওই এলাকায় পাহাড়ি-বাঙালিদের মধ্যে সহাবস্থানের ভারসাম্য থাকবে না। চুক্তি নিয়ে পক্ষ-বিপক্ষ রয়েছে। এ বাস্তবতায় আমাদের সব পক্ষকে নিয়ে আলোচনায় বসা উচিত ছিল। সে উদ্যোগ নেয়নি সরকার।' বিএনপির এই সিনিয়র নেতা আরো বলেন, বর্তমানে সারা দেশে আইনশৃঙ্খলা বলতে কিছু নেই। সরকার দেশের মানুষের জানমালের নিরাপত্তা দিতে পারছে না। মহান একুশের ভাষাশহীদদের শ্রদ্ধা জানাতে গিয়েও মানুষ এখন লাশ হয়ে ঘরে ফিরছে। সোনাইমুড়ি উপজেলার আমিশাপাড়া বাজারে শনিবার রাতে শহীদ মিনারে ফুল দেওয়ার সময় আওয়ামী লীগ সমর্থকদের হামলায় একজন বিএনপি কর্মী নিহত হয়েছেন। এ ঘটনার তীব্র নিন্দা ও বিচার দাবি করেন মির্জা ফখরুল ইসলাম। বিএনপির প্রতিবাদ সভা আজ আজ সোমবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ ডেকেছে বিএনপি। গত বৃহস্পতিবার বিএনপির মিছিলে পুলিশি হামলার প্রতিবাদে এ সমাবেশ ডাকা হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ দলের জাতীয় নির্বাহী কমিটির নেতারা সমাবেশে বক্তৃতা করবেন।
Comments (0)Add Comment

Write comment
You must be logged in to post a comment. Please register if you do not have an account yet.

busy