সমকাল প্রতিবেদক
একুশের প্রথম প্রহরে রাতের নিস্তব্ধতা ভেঙে জেগে উঠেছিল ভাষা আন্দোলনের কেন্দ্রস্থল কেন্দ্রীয় শহীদ মিনার। জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছে ভাষার জন্য শহীদ বীর সন্তানদের। একুশের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে শ্রদ্ধার্ঘ্য নিবেদন পর্ব শুরু হওয়ার কথা থাকলেও চার মিনিট দেরিতে শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মোঃ জিল্লুর রহমান। পরপরই পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারা কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। এ
সময় বেজে ওঠে অমর একুশের গানের করুণ সুর। সুরের মূর্ছনায় বেদি প্রাঙ্গণে এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। বিরোধীদলীয় নেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দলীয় নেতৃবৃন্দসহ ১২টা ২০ মিনিটে পুষ্পস্তবক অর্পণ করেন। তবে বিরোধী দল অভিযোগ করেছে, তারা নির্ধারিত সময়ে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে পারেনি। তাদের সময় ছিল ১২টা ১০ মিনিট। কিন্তু তাদেরকে শ্রদ্ধা নিবেদন করতে হয় ১০ মিনিট পর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিরোধীদলীয় নেত্রীকে রীতি অনুযায়ী অভ্যর্থনা জানাননি।
এর আগে রাত ১২টা ২ মিনিটে শহীদ মিনারে এসে পেঁৗছানোর পর রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিছু সময় আগে প্রধানমন্ত্রী সেখানে পেঁৗছলে তাকে অভ্যর্থনা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, উপ-উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এ সময় মন্ত্রিপরিষদ সদস্যরা ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর প্রধানমন্ত্রী তার মন্ত্রিপরিষদ সদস্য এবং পরে আওয়ামী লীগ নেতাদের নিয়ে দলের পক্ষেও পৃথকভাবে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
এর পরপরই শহীদ মিনারে একে একে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কর্নেল (অব.) শওকত আলী, চিফ হুইফ উপাধ্যক্ষ আবদুস শহীদসহ সরকারি দলের হুইপরা, ঢাকা সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন খোকা।
পরে আসেন তিন বাহিনীর প্রধানরা। তারা পৃথকভাবে বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণের পর অভিবাদন জানিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে শ্রদ্ধা নিবেদন করেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলমের নেতৃত্বে বিচার বিভাগের কর্মকর্তারা এবং বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনৈতিক মিশন ও দাতা সংস্থার প্রধানরা।
পরে প্রধানমন্ত্রী শহীদ মিনার প্রাঙ্গণ ত্যাগ করলে কেন্দ্রীয় শহীদ মিনার সাধারণের শ্রদ্ধাঞ্জলি নিবেদনের জন্য খুলে দেওয়া হয়। সেই সময় থেকে শত শত মানুষের ফুলের অঞ্জলি, অসীম শ্রদ্ধা আর অমর একুশের সেই কালজয়ী গান আবেগ সঞ্চার করে মানুষের মধ্যে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক এবং পরে তার নেতৃত্বে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট ও ডিন, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এবং বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন নেতারা পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এর পরপরই যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ নেতারা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন করেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা।
পরে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক দল ও সংগঠন ছাড়াও ছাত্র, যুব, নারী, শ্রমিক, শিশু-কিশোর সংগঠনগুলো এবং শত শত মানুষ সারিবদ্ধভাবে একে একে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা জানান ভাষা শহীদদের প্রতি। এ সময় মাইকে একুশের অমর গান 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি'র সুর বাজানো ছাড়াও ধারাভাষ্যকাররা অবিরাম কবিতার পঙ্ক্তিমালা পড়ে শোনান।
গতকাল বিটিভির ভাষ্যকারদের ভুলে ভরা ধারাবিবরণী ছিল ভুলে ভারাক্রান্ত ও পীড়াদায়ক। যেমন ভাষ্যকাররা জাতীয় সংসদকে জাতীয় পরিষদ হিসেবে আখ্যায়িত করেন। বিশেষণের ক্ষেত্রে তারা মহামান্য ও মাননীয় একসঙ্গে উচ্চারণ করেছেন। এছাড়া অন্যান্য শব্দ চয়ন ও ভুল বাক্য উচ্চারণ ছিল শ্রুতিকটু।